ঢাকা, রোববার: নিজের কর্মপরিসরে ফিরলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ রোববার ঢাকার মিরপুরে গ্রামীণ টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে উপস্থিত হলে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে টানা ১৮ মাস দায়িত্ব পালন করেন তিনি। জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হওয়ায় গত ১৭ ফেব্রুয়ারি তাঁর অন্তর্বর্তীকালীন সরকারপ্রধানের দায়িত্বের আনুষ্ঠানিক অবসান ঘটে।
দায়িত্ব পালনকালে প্রশাসনিক সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা এবং নির্বাচন আয়োজনকে অগ্রাধিকার দেন তিনি। দায়িত্ব শেষে নিজ প্রতিষ্ঠানে ফিরে আসায় গ্রামীণ পরিবারের সদস্যদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
ইউনূস সেন্টারের কর্মকর্তারা জানান, আগামীতেও সামাজিক ব্যবসা, দারিদ্র্য বিমোচন ও তরুণ উদ্যোক্তা তৈরির কার্যক্রমে অধ্যাপক ইউনূস সক্রিয় থাকবেন।