দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, নির্বাচনি ইশতেহারে ঘোষিত সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে আসন্ন ঈদের আগেই ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালু করা হবে। প্রাথমিকভাবে দেশের ৮টি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে এই কার্যক্রম শুরু হবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাটের গোকুণ্ডা বাজারে সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটিই তার নিজ জেলা লালমনিরহাটে প্রথম তিন দিনের রাষ্ট্রীয় সফর।
মন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহারে ঘোষিত ১৮০ দিনের বিশেষ প্যাকেজ বাস্তবায়নে ইতোমধ্যে মন্ত্রিসভায় চারটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে ঈদের আগেই ফ্যামিলি কার্ড চালু করার প্রস্তুতি চলছে। প্রকৃত হতদরিদ্রদের চিহ্নিতকরণ কার্যক্রমও অব্যাহত রয়েছে। পর্যায়ক্রমে সকল উপযুক্ত পরিবারকে এ কর্মসূচির আওতায় আনা হবে বলে জানান তিনি।
খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি
উন্নয়ন কার্যক্রমের বিষয়ে মন্ত্রী বলেন, খাল খনন ও সংস্কারে পানিসম্পদ মন্ত্রণালয়, এলজিআরডি মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। পাশাপাশি দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার অংশ হিসেবে চলতি বছর ৫ কোটি গাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
রমজান ও ঈদে বিশেষ প্রস্তুতি
আসন্ন রমজান ও ঈদ উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ইফতার ও সেহরিতে বিদ্যুতের ঘাটতি যেন না থাকে এবং ঈদে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে—এসব বিষয় অগ্রাধিকার দিয়ে সমন্বয় করা হচ্ছে।
দুদকের মামলা প্রসঙ্গে
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে দুদকের মামলা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে স্বাধীন দুর্নীতি দমন কমিশন রয়েছে। কে মামলা খেল বা দুর্নীতি করল—সেটি তাদের দেখার বিষয়।
জনগণের সেবা করার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন, “আমি যখন জনগণের কাজ করতে পারব, তখনই আমার ভালো লাগবে। আমরা মাত্র কাজ শুরু করেছি, সামনে আরও অনেক কিছু করার আছে।”
আগামী ২২ ফেব্রুয়ারি জেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন বলেও জানান তিনি।