নিজস্ব প্রতিবেদক: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। জানানো হয়, শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষাশহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী।
রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সময় মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কূটনীতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত থাকতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রতি বছরের মতো এবারও একুশের প্রথম প্রহরে সর্বস্তরের মানুষের ঢল নামবে শহীদ মিনারে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে জাতি গভীর শ্রদ্ধায় নত হবে।
ভাষার জন্য আত্মদানের সেই গৌরবগাথা স্মরণে আবারও প্রজ্বলিত হবে একুশের চেতনা।