আসন্ন রমজানকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে কড়া নজরদারি শুরু করেছে প্রশাসন। অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও বিভিন্ন অনিয়মের দায়ে বুধবার দুপুরে পৌর শহরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে সাতজন ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানটি পরিচালনা করেন বকশীগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। এসময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রমজান ও বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকি চালানো হচ্ছে। অভিযানে দেখা যায়, কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের গায়ে লেখা মূল্যের চেয়ে বেশি দাম রাখছেন। এছাড়া অনেক দোকানে হালনাগাদ মূল্য তালিকা টাঙানো ছিল না এবং পণ্য ক্রয়ের ভাউচার সংরক্ষণেও অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সাতটি প্রতিষ্ঠান থেকে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভারপ্রাপ্ত ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, “বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে বা অতিরিক্ত মুনাফার আশায় যারা সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”