বাঙালি কণ্ঠ ডেস্ক | কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে পাঁচ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি (এএ)।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নাফ নদী সংলগ্ন শাহপরীর দ্বীপ ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানা গেছে।
ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন—
শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার মৃত সৈয়দ আলমের ছেলে শাহ আলম (২০), মৃত নজু মিয়ার ছেলে আবুল হোসেন, মৃত মকবুল আহমেদের ছেলে মো. আব্বাস (৪০), আব্দুল মজিদের ছেলে আব্দুল সাহেদ (১৮) এবং মৃত মো. হোসেনের ছেলে মো. ইউনুস (৪০)।
ট্রলার মালিক শাহপরীর দ্বীপের বাসিন্দা মোহাম্মদ উল্লাহ জানান, সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার পর তার মালিকানাধীন ট্রলারটি পাঁচ জেলেসহ ঘাটে ফিরছিল। শাহপরীর দ্বীপ সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় পৌঁছে রাত হয়ে গেলে তারা ট্রলার নোঙর করে অবস্থান নেন। এ সময় স্পিডবোটে করে এসে আরাকান আর্মির সদস্যরা ট্রলারসহ জেলেদের আটক করে নিয়ে যায়।
ঘটনার পর থেকে জেলেদের পরিবারে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
এ বিষয়ে বাংলাদেশ কোস্ট গার্ড চট্টগ্রাম জোনের লেফটেন্যান্ট কমান্ডার আকিব বলেন, পাঁচ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি তারা অবগত হয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। জেলেদের দ্রুত ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।