দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে বুধবার গভীররাতে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৩টায় এসআই আব্দুল কুদ্দুস, এএসআই সিদ্দিকুর রহমান ফোর্স নিয়ে গৌরীপুর ইউনিয়নের আঙ্গাউড়া ভুলিরপাড়ে বিশেষ অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ দুই তরুণকে আটক করে। পরে, তাদের তল্লাশী চালিয়ে একটি ৭.৬২ পিস্তল, ৯ রাউন্ড গুলি, ১ টি নাম্বার বিহীন মোটর সাইকেল উদ্ধারসহ দু’জনকে আটক করে। আটককৃতরা হলেন দাউদকান্দি উপজেলার বাশরা গ্রামের আলমগীরের ছেলে মোঃ ইসহাক তুষার (২৪) ও গৌরীপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মেহেদী হাসান রাজা (২২)। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. জুনায়েত চৌধুরী বলেন, অস্ত্রসহ আটক দু’জন সংজ্ঞবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্য এবং চাঁদাবাজির সাথে জড়িত ছিলো বলে জানতে পেরেছি। তাদের নিকট আরো অস্ত্র থাকতে পারে,সে বিষয়ে পুলিশ কাজ করছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে।