মাহফুজ বাবু
কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার বারেরা এলাকায় অবৈধভাবে ফসলের জমির উর্বর (টপ সয়েল) মাটি কাটার দায়ে মোবাইল কোর্টের অভিযানে মাটি কাটায় ব্যবহৃত এস্কেভেটর জব্দ করা হয়েছে। এসময় এস্কেভেটর চালক মেহেদী হাসান (২৩)কে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়।
সোমবার (২০ জানুয়ারী) দিবাগত রাত আনুমানিক ১০ টার সময় মাটি কাটার সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। বুধবার (২১ জানুয়ারী) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম বালু মহাল ও ব্যবস্হাপনা আইন ২০১০ এর (৭) ক ধারায় এবং একই আইনের ১৫(১) ধারায় আটককৃত এস্কেভেটর চালককে মোবাইল কোর্টে মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আটককৃত মেহেদী হাসান(২৩) মুরাদনগর উপজেলার পাহাড়পুর গ্রামের মনিরুল ইসলাম এর পুত্র।
তিনি জানান, অবৈধভাবে ফসলি জমিতে মাটি কাটার খবরে মোবাইল কোর্টের অভিযানে এস্কেভেটর চালককে ঘটনাস্থল থেকে আটক করা হয়। জব্দ করা হয় মাটি কাটায় ব্যবহৃত এস্কেভেটর। অভিযানের খবরে বাকীরা পালিয়ে যায়। তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলকে হাত করে রাতের আধারে ফসলি জমির উর্বর মাটি কেটে ইট ভাটায় বিক্রি করা হতো। এ নিয়ে প্রশাসন বিভিন্নভাবে তাদের সর্তক ও মাটি কাটা বন্ধ রাখার নির্দেশ দিলেও তারা তা অমান্য করে। দিনের বেলা না কেটে, রাতে মাটি কাটা অব্যাহত রেখেছিল। গতকাল মাটি কাটার খবরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এস্কেভেটরটি জব্দ ও চালকে আটক করা গেলেও বাকীরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। অবৈধভাবে মাটির বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।