দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বারে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে বাস-ট্রাক-কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এতে প্রায় পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে কুমিল্লা সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে আছে। মঙ্গলবার সকাল ৯ টায় দেবিদ্বার উপজেলার চরবাকর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের চরবাকর এলাকায় একটি ট্রাকের চাকা ফেটে মুখথুবরে পরে রাস্তায়। এসময় একটি কাভার্ডভ্যান ট্রাকটির সাথে ধাক্কা লাগলে ট্রাক ও লরির সামনের অংশ চুরমার হয়ে যায়। একই সময় কাভার্ডভ্যানের পেছনে থাকা কোম্পানিগঞ্জ কুমিল্লা চলাচলকারী একটি যাত্রীবাহী এসি বাস রয়েল কাভার্ডভ্যানের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে উল্টে পড়ে। এতে অন্তত ২০ জন আহত হয় বলে জানা গেছে। স্থানীয়রা অনেককে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এদিকে দুর্ঘটনার পরে মহাসড়কের ওপর ট্রাক ও কাভার্ডভ্যানটি পড়ে থাকায় ৫ ঘন্টারও বেশী সময় ধরে যান চলাচল বন্ধ হয়ে আছে কুমিল্লা সিলেট মহাসড়কে। এতে দুদিকে কয়েকশত যাত্রী পড়েন চরম দুর্ভোগে। দুপুর ২টায়ও স্বাভাবিক হয়নি যান চলাচল।এ বিষয়ে জানতে চাইলে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন জানান, রেকার দিয়ে দুর্ঘটনা কবলিত ট্রাক ও কাভার্ডভ্যান সরানোর চেস্টা চলছে। কাভার্ডভ্যানটি অনেক বড় হওয়ায় সময় বেশী লাগছে। এসব যানবাহন সরালে সড়কে যান চলাচল শুরু হবে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।