মোঃ আসাদুজ্জামান আজাদ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ আব্দুর রহমান এমপি বলেছেন, দুধের উৎপাদন বাড়লে চাহিদা বাড়বে বিষয়টি এমন নয়। বরং চাহিদা বাড়লেই দুধের উৎপাদন বৃদ্ধি পাবে। চাহিদার সাথে সরবরাহের বিষয়টি তখনই আসে, যখন আমাদের উৎপাদন কম থাকবে। আমরা এখনও আমাদের দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারিনি। এখনও আমাদের ১৮ লক্ষ মেট্রিক টন দুধ উৎপাদনে ঘাটতি আছে। এ ঘাটতি পূরণে দেশের প্রান্তিক খামারিদের প্রতি নজর দিতে হবে। রবিবার (২জুন) বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি)ডেইরি বিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান এমপি। প্রধান অতিথির বক্তব্যে মৎস ও প্রানিসম্পদ মন্ত্রী আরও উল্লেখ করেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতি এবং মানুষের জন্য যা ভালো সেই স্বীদ্ধান্তই তিনি গ্রহণ করেন। জাতি এবং মানুষের স্বার্থেই কম্বাইন্ড ডিগ্রির প্রয়োজন। কম্বাইন্ড ডিগ্রিধারীরা একই সঙ্গে ডাক্তারি এবং পশু পালন ও ব্যবস্থাপনার নানাবিধ সেবা দিতে পারলে নিঃসন্দেহে দেশের জন্য ভালো। কিন্তু প্রাণীসম্পদ সেক্টরে ঘরের মধ্যে ঘর মশারির মধ্যে মশারি এরকম একটা ব্যাপার আমার কাছে মনে হয়েছে। একই জায়গায় ভিন্ন ভিন্ন ডিগ্রী অর্জন করে যে কাজটি করে সে কাজটি যদি একজন কম্বাইন্ড ডিগ্রিধারী করতে পারে তাহলে কম্বাইন্ড ডিগ্রিতে আপত্তি টা কেন এবং কোথায় তা আমার বোধগম্য নয়। এছাড়া সাভারে বিএলআরআই তে কেন কম্বাইন্ড ডিগ্রিধারীদের কার্ড আসে না সে বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে তিনি উল্লেখ করেন। রবিবার (২ জুন) বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে শেকৃবি’র ডেইরি বিজ্ঞান বিভাগ নানা আয়োজন হাতে নেয়। সকাল ১০ ঘটিকায় শেখ কামাল ভবন থেকে শেখ রাসেল মিলনায়তন পর্যন্ত বর্ণাঢ্য র্যালির মাধ্যমে বিশ্ব দুগ্ধ দিবসের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে শেখ রাসেল মিলনায়তনে সেমিনার আয়োজিত হয়।সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, ময়মনসিংহ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য কৃষিবিদ নজরুল ইসলাম এমপি। আরও উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া, উপ-উপাচার্য প্রফেসর ড. অলোক কুমার পাল, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেকৃবির এএসভিএম অনুষদের ডিন প্রফেসর ড. কে. বি. এম. সাইফুল ইসলাম। অনুষ্ঠানের প্রতিপাদ্যের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেকৃবির ডেইরি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানের আহবায়ক এবং কিনোট স্পিকার ডেইরি অনুষদের চেয়ারম্যান ড. মো. আসাদুজ্জামান তার বক্তব্যে দুধের উপকারিতার কথা উল্লেখ করে বলেন, আমাদের অনেকের ধারণা দুধ শুধু শিশুদের জন্য। এ ধারণা সঠিক নয়। বরং দুধ সকল বয়সের মানুষের জন্যই আদর্শ খাবার। এছাড়া দুধের ফ্যাট এবং সুগারেও কোনো ক্ষতিকর দিক নেই। সুতরাং আমাদের আমাদের এসব ধারণা দূরে ঠেলে দিয়ে দুধের উৎপাদন এবং দুধ পানে উৎসাহী হতে হবে। উল্লেখ্য, এ বছর দুগ্ধ দিবসকে সামনে রেখে কৃষক লীগের সভাপতি সমীর চন্দের অর্থায়নে আগামী ১ বছর ১০০ জন এতিম ও অসহায় শিশুদের প্রতিদিন ২৫০ মিলি দুধ খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়।