চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রিলাক্স নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১২ জন। শুক্রবার (১৭ মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত বাসটি রিলাক্স পরিবহনের। এটি ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ বিপ্লব কুমার নাথ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় গাড়ির ভেতর থেকে নিহত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ চন্দ্র সাহা বলেন, ঢাকা থেকে কক্সবাজারগামী রিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৫ জন নিহত হয়েছেন। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ চলমান রয়েছে।