বরগুনা জেলার আমতলী উপজেলার মহিষকাটা বাজারে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় আব্দুল্লাহ পেপার হাউস এন্ড স্টেশনারি নামে একটি দোকান পুড়ে ছাই। মঙ্গলবার ২৩ এপ্রিল আনুমানিক রাত সাড়ে ১১ টায় মহিষকাটা বাজারের পশ্চিম পাশে চুনাখালী বাজার রোডের চৌকিদারদের দুই তলা মার্কেটের অগ্রণী ব্যাংকের নিচ তলায় আগুন লাগে। এতে স্বল্প সময়ের মধ্যেই পড়ে যায় আব্দুল্লাহ পেপার হাউস এন্ড স্টেশনারি। প্রত্যক্ষদর্শী মাসুম বিল্লাহ জানান তীব্র গরমে স্থানীয় ব্যবসায়ী কবির হোসেন ও তার পরিবার উক্ত ভবনের ছাদে বাতাসে বসে ছিলেন, এমন সময় তারা ভবনের নিচতলা থেকে ধোঁয়া দেখতে পেয়ে মার্কেটের পাশেই বসবাসরত মাসুম বিল্লাহ কে ডাক দেন মাসুম বিল্লাহ বেরিয়ে এলে তারা সম্মিলিতভাবে স্থানীয় মানুষদের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা চালায় । ঘটনার সংবাদ পেয়ে আমতলী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে। আমতলী ফায়ার সার্ভিস জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট এর মাধ্যমে আগুনের সূত্রপাত বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। দোকান মালিক আব্দুল মালেকের সাথে কথা বলে জানা যায় দোকানে থাকা সব কিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে কিছুই অবশিষ্ট নেই। তিনি জানান ব্যাংক ঋণ নিয়ে তিনি ব্যবসাটি পরিচালনা করতেন। পাইকারি ব্যবসা পরিচালনা করতে অনেক টাকার প্রয়োজন তাই ব্যাংক থেকে কয়েক লক্ষ টাকা ঋণ নিয়ে পাইকারি ব্যবসা পরিচালনা করতেন। দোকানে থাকা ২৫-২৭ লক্ষ টাকার মাল পুড়ে যাওয়ায় তিনি এখন একেবারেই নিঃস্ব। স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, আব্দুল মালেক এই দোকানের উপরেই সম্পূর্ণ নির্ভরশীল ছিল। তেমন কোনো স্থায়ী সম্পত্তি তার নেই। দোকান পুড়ে যাওয়ায় আব্দুল মালেক এখন দিশেহারা।