মুহাম্মদ আতিকুর রহমান হান্নান, বাঁশখালী
বাঁশখালীতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি ও গালি দিয়ে ওই বক্তব্য ফেসবুকে ছড়িয়ে দিয়ে উত্তেজনা সৃষ্টির অভিযোগে আজগর নামের ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা গ্রামের ৫নং ওয়ার্ড এলাকার বদরুজ্জামানের পুত্র। মঙ্গলবার (১৯ মার্চ) পশ্চিম বড়ঘোনাস্থ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বাঁশখালী থানা পুলিশ জানায়, অভিযুক্ত আজগর হোসাইন প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি ও আপত্তিকর একটি মন্তব্যের পাশাপাশি বিভিন্ন নবী রাসুল ও অলি বুজুর্গ নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। তার ওই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে উত্তেজনা দেখা দেয়। এতে সাধারণ মুসল্লীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। খবর পেয়ে বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমদের নেতৃত্বে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত আজগরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ঘটনা পুলিশের নজরে আসার আধা ঘন্টার মধ্যে ব্যবস্থা নিয়েছে থানা পুলিশ। বাঁশখালী থানার সেকেন্ড অফিসার এসআই কামরুল ইসলাম কায়কোবাদ জানান, আইনশৃঙ্খলার বিষয়টি বিবেচনা করে আজগর নামের যুবককে তাৎক্ষণিক গ্রেফতার করা হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত ও প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) সহ নবী রাসুল ও বিভিন্ন অলি বুজুর্গদেরও সে কটুক্তি করেছে। অভিযুক্ত আজগরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।