কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা শাসনগাছা মাইক্রোবাস স্ট্যান্ডে দুই গ্রুপের সংঘর্ষে ভিক্টোরিয়া কলেজ ছাত্র জামিল হাসান অর্ণব হত্যা মামলায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় সংঘর্ষে ব্যবহৃত ২টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিন উদ্ধার করা হয়। ১৭ মার্চ রোববার দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান। তিনি জানান, গোলাগুলিতে অর্ণব নিহত হবার ঘটনায় তার মা ঝরনা বেগম ২৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই কুমিল্লার ভারত সীমান্তবর্তী পাঁচথুবী এবং নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘর্ষের সময়ে মূল অস্ত্রধারী ফজলে রাব্বি, মো. সুমন, রাশেদ, কাউছার, খলিলুর রহমান, রিয়াজ ও সোলেমানকে গ্রেফতার করে পুলিশ। তিনি আরো জানান, সংঘর্ষের ঘটনায় তিন শ্যুটারের মধ্যে দুইজনকে গ্রেফতার করলেও পালিয়ে বেড়াচ্ছে অপর শ্যুটার। তাকে ধরতেও অভিযান চলছে।