জামালপুর প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক মতিন রহমানের উপর হামলা মামলার প্রধান আসামী মো. তৌহিদুজ্জামান তৌহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার নামাপাড়া এলাকায় তৌহিদের বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তৌহিদ ওই এলাকার মৃত আবিরুজ্জামান আক্কাসের সন্তান। বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) সঞ্জয় সাহা বলেন, সাংবাদিক মতিন রহমানের উপর হামলার পর থেকেই পুলিশ মাঠে নামে। রাতে মামলা হওয়ার পর কম সময়ের মধ্যে আমরা প্রধান আসামীকে গ্রেপ্তার করি। আসামী তৌহিদকে আদালতে প্রেরন করা হয়েছে। এর আগে ১১ মার্চ রাতে সংবাদ সংগ্রহের সময় বকশীগঞ্জের নামাপাড়া এলাকায় হামলার শিকার হন দৈনিক ভোরের দর্পনের সাংবাদিক মতিন রহমান। এই ঘটনায় রাতেই মতিন রহমান বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মো. তৌহিদুজ্জামান তৌহিদকে প্রধান ও অজ্ঞাত নামা ৩০ থেকে ৪০ জনকে আসামী করা হয়।