সিরাজগঞ্জে মহাসড়কে ছিনতাই হওয়া ৬১০ বস্তা কাটারীভোগ চালবাহী একটি ট্রাক গাজীপুরের কালিয়াকৈর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) কালিয়াকৈর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কালিয়াকৈর বাজার এলাকার একাধিক গোডাউন থেকে ৫৭০ বস্তা চাল এবং ফুলবাড়িয়া কেএনবি বাজার এলাকা থেকে ছিনতাইকৃত ট্রাকটি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন লিটন সরকার (৪০) ও তার কর্মচারী সুমন সরকার (৪৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়ার শেরপুর এলাকা থেকে ৬১০ বস্তা কাটারীভোগ চাল ক্রয় করে ঢাকা মেট্রো-ট ১২-৫০৫৮ নম্বরের একটি ট্রাকে করে সোমবার রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
পথিমধ্যে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় একটি প্রাইভেটকার দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে ট্রাকটির গতিরোধ করা হয়। পরে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকের চালক ও হেলপারের হাত-পা ও মুখ বেঁধে মহাসড়কের পাশে একটি ধানক্ষেতে ফেলে রেখে চালভর্তি ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় চালের মালিক মাহবুবুর রহমান সোহেল বাদী হয়ে সিরাজগঞ্জের শিমলা থানায় অভিযোগ দায়ের করেন।
পরবর্তীতে শিমলা থানা পুলিশের তথ্যের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ট্রাকটি উদ্ধার করে। একই সঙ্গে বিভিন্ন গোডাউন থেকে মোট ৫৭০ বস্তা চাল জব্দ করা হয়।
এবিষয়ে কালিয়াকৈর থানা পুলিশের ওসি (তদন্ত) রবিউল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ট্রাকসহ বিপুল পরিমাণ চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।