গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকায় পূর্ব বিরোধের জেরে রিয়াজ উদ্দিন (১৮) নামে এক যুবককে মারধর ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত আরও একজন কিশোর আহত হয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আজ রবিবার (১৯ এপ্রিল) বিকেলের দিকে কাশিমপুর থানাধীন দক্ষিণ জরুন এলাকার ঈদগাঁও মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত রিয়াজ উদ্দিন বর্তমানে ওই এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করেন।
ভুক্তভোগীর অভিযোগ, স্থানীয় মাহবুব আলম মিলন (৩৮) ও তারা মিয়া (৪২) এর নেতৃত্বে ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি পূর্ব পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে, এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং বাম হাতের কনুই ভেঙে যায় বলে দাবি করা হয়েছে।
এসময় হামলাকারীরা তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে তার পকেটে থাকা প্রায় ১৩ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে জানা গেছে।
ভুক্তভোগীকে রক্ষা করতে এগিয়ে আসা ফাহিম (১৬) নামের এক কিশোরকেও মারধর করে আহত করা হয়।
ঘটনার সময় স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় তারা পুনরায় হামলা ও এলাকা ছাড়া করার হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে।
পরে আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিছুটা সুস্থ হওয়ার পর ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে কাশিমপুর থানার তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, উক্ত ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।