মানিকগঞ্জের ঘিওরে কৃষি জমির মাটি ( টপসয়েল) বিক্রির অভিযোগে দুইজনকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যার দিকে বালিয়াখোড়া ইউনিয়নের বৈন্যা প্রাসাদ মৌজায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তানভীর ইসলাম।
অভিযান সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে কৃষিজমির উর্বর উপরের স্তরের মাটি ভেকু (এক্সকাভেটর) দিয়ে কেটে ড্রাম ট্রাকে তুলে বিক্রির জন্য সরবরাহ করছিল। এতে একদিকে যেমন জমির উর্বরতা নষ্ট হচ্ছিল, অন্যদিকে স্থানীয় সড়ক ও জনসাধারণের চলাচলে ঝুঁকি তৈরি হচ্ছিল। কৃষিজমির টপসয়েল কেটে ট্রাকে তোলার কাজ চলছিল। পরে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে অভিযুক্ত আব্বাস আলী ও মো: খোকনকে পৃথকভাবে অর্থদণ্ড প্রদান করা হয়। তারা দুজনই বালিয়াখোড়া ইউনিয়নের বৈন্যা প্রাসাদ গ্রামের বাসিন্দা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: তানভীর ইসলাম বলেন, ‘কৃষিজমি রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং অবৈধভাবে মাটি কাটা রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’