ব্রাহ্মণবাড়িয়ায় গণভোটের রায় কার্যকর এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।
রবিবার (১২ এপ্রিল) বিকেলে শহরের টি.এ রোডের আশিক প্লাজার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
মিছিলে জোটভুক্ত বিভিন্ন দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। এসময় “জুলাই সনদ বাস্তবায়ন চাই” এবং “গণভোটের রায় মানতে হবে”সহ নানা স্লোগান দেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোবারক হোসাইন। তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নের মাধ্যমে দেশে প্রকৃত গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব।
সমাবেশ থেকে নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের টালবাহানা করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে শান্তিপূর্ণভাবে জনগণের দাবি আদায়ে রাজপথে থাকার অঙ্গীকার করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) মো. আতাউল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিশ ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি মাইনুল হাসান, সেক্রেটারি তাজুল ইসলাম কাসেমী, এনসিপি জেলা সদস্য সচিব প্রকৌশলী আমিনুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জুনায়েদ হাসান, এনসিপি জেলা সদস্য জয়ন্তী বিশ্বাস, জেলা জামায়াতের যুব ও আইন বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ। সমাবেশটি সঞ্চালনা করেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম।
নেতারা জানান, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়েছে। দাবি আদায় না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন তারা।