সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটার মালিকের কাছ থেকে ৯ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে একটি ইটভাটাকে চলতি এপ্রিল মাসের মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) দিনব্যাপী উপজেলার ষোলমাইল, রুদ্রপুর ও ভূইয়াগাতি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম জানান, জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন এবং পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাহিন আলম এর নেতৃত্বে অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে রুদ্রপুর এলাকার মেসার্স এসকেবি ব্রিকসের মালিকের কাছ থেকে ৬ লাখ টাকা এবং কোদলাদিঘর এলাকার মেসার্স বন্ধন ব্রিকসের মালিকের কাছ থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এতে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া ভূইয়াগাতি এলাকার মেসার্স এসঅ্যান্ডবি ব্রিকসের মালিককে চলতি এপ্রিল মাসের মধ্যে ইটভাটার সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এ সময় তার কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ আইন লঙ্ঘন করে পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।