ঢাকা মেডিকেলে হকারমুক্ত করতে আনসারের অভিযান
রাজধানীর ব্যস্ততম চিকিৎসা কেন্দ্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল—যেখানে প্রতিদিন হাজারো রোগী ও স্বজনের পদচারণায় মুখর থাকে পুরো এলাকা। কিন্তু দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে হকার, অবৈধ স্থাপনা ও সিন্ডিকেটভিত্তিক বাণিজ্যের কারণে রোগী পরিবহন ও স্বাভাবিক চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছিল।
এই সমস্যা নিরসনে ০২ এপ্রিল ২০২৬ তারিখে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জনাব আসাদুজ্জামান-এর নির্দেশনায় হাসপাতালের কর্তব্যরত অঙ্গীভূত আনসার সদস্যদের অংশগ্রহণে একটি বিশেষ হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
বাংলাদেশ আনসার ও ভিডিপির ২০ জন দক্ষ ও চৌকস সদস্যের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে হাসপাতাল চত্বরে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, হকার ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এর ফলে এখন রোগী ও স্বজনরা নির্বিঘ্নে চলাচল করতে পারবেন, যা চিকিৎসা সেবার পরিবেশকে আরও মানবিক ও স্বস্তিদায়ক করবে।
হাসপাতাল কর্তৃপক্ষ ও আনসার সদস্যদের এই কার্যকর উদ্যোগে উপস্থিত রোগী ও স্বজনরা কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন।