ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক দুই অভিযানে ২২ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় একটি পিকআপ ও একটি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়।
পুলিশ জানায়, বুধবার (১৮ মার্চ ২০২৬) রাত ১২টা ৫ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালায়। এ সময় একটি নীল-হলুদ রঙের পিকআপ আটক করে তল্লাশি চালিয়ে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
অপরদিকে, একই দিন সকাল ৭টা ৫ মিনিটে একই এলাকায় আরেকটি অভিযানে একটি নোহা মাইক্রোবাস আটক করা হয়। গাড়িটি তল্লাশি করে আরও ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং দুইজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার মহিষমারা গ্রামের মো. শফিক (৩৮), ঘাটাইল উপজেলার দক্ষিণ পাড়া গ্রামের মো. আব্দুল্লাহ (২০), হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আবাদগাঁও এলাকার মো. লিটন মিয়া (৩৫) ও টেকারঘাট এলাকার আফদাল মিয়া (৩৪)।
উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে।