নিজস্ব প্রতিবেদক:
ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল চৌধুরী বুধবার সকাল ৯টায় নারায়ণগঞ্জ ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে দেখেন, অফিস কক্ষগুলোতে ঝুলছে তালা। নির্ধারিত অফিস সময় শুরু হলেও সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন না।
হঠাৎ এই পরিদর্শনে এসে এমন চিত্র দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি তাৎক্ষণিকভাবে দেরিতে আসা কর্মকর্তাদের বিষয়ে ব্যাখ্যা তলবের নির্দেশ দেন এবং উপস্থিত সাধারণ সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন। অনেকেই অভিযোগ করেন, নিয়মিত সেবা পেতে ভোগান্তি ও দীর্ঘসূত্রতার শিকার হতে হয়।
এ ঘটনায় প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্থানীয়দের দাবি, শুধু একটি অফিস নয়—সব ভূমি অফিসে নিয়মিত মনিটরিং ও শুদ্ধি অভিযান পরিচালনা করা উচিত। তাদের ভাষ্য, বিভিন্ন স্থানে ভূমি অফিসগুলো দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে।
এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।