মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সিমনা সড়কের দ্বিতীয় সেতুর নিচ দিয়ে প্রবাহিত তিতাস নদী-এর শাখা নদী দুগাংগীতে অভিযান চালিয়ে দু’টি আড়াআড়ি বাঁধ উচ্ছেদ করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে বসানো পঞ্চাশটি চায়না দুয়ারি রিং জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল, ক্ষেত্র সহকারী মোহাম্মদ হামিদুল হক, অফিস সহায়ক মো. হাকিম মিয়া এবং ব্রাহ্মণবাড়িয়া সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সংশ্লিষ্টরা।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা নদী কমিটির সদস্য ও তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ এবং সদস্য সোহেল রানা ভূঁইয়া।
জেলা নদী রক্ষা কমিটির মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী এ অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্টরা জানান, নদীতে দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণীর অস্তিত্ব রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।