আগামী ২৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬, যা চলবে ১৫ মার্চ পর্যন্ত। এর আগে প্রাথমিকভাবে ২৫ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু করার ঘোষণা দেওয়া হয়েছিল। তারও আগে ২০ ফেব্রুয়ারি থেকে আয়োজনের কথা জানিয়েছিল আয়োজক বাংলা একাডেমি।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একাডেমি জানায়, এবারের মেলায় কোনো ‘প্যাভিলিয়ন’ থাকছে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)-এর নেতৃবৃন্দের সহায়তায় ইতোমধ্যে প্যাভিলিয়নপ্রাপ্ত প্রকাশকরা নিজ নিজ প্যাভিলিয়ন সরিয়ে নিতে সম্মত হয়েছেন।
এমতাবস্থায় ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত যেসব প্রকাশক স্টলের জন্য আবেদন করেছেন, তাদের স্টল বিন্যাসের লটারি রোববার (২২ ফেব্রুয়ারি) রাত ১০টায় অনুষ্ঠিত হয়েছে। প্রকাশকরা সোমবার (২৩ ফেব্রুয়ারি) থেকে স্টল নির্মাণের কাজ শুরু করবেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উল্লেখ্য, এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার।