রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অভিনব কৌশল নিয়েছেন শাইখা সুলতানা। বোরকা পরে সাধারণ ক্রেতার বেশে বাজারে গিয়ে অনিয়ম শনাক্ত করে পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তিনি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শিবচর পৌর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। তিনি শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন।
যা যা অনিয়ম ধরা পড়ে-
নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি,ওজনে কম দেওয়া,খাসির মাংস বিক্রিতে প্রতারণা,মুদি ও ফলের দোকানে মূল্য তালিকা না টানানো,ছদ্মবেশে বাজার পরিদর্শনের সময় এসব অনিয়ম হাতেনাতে ধরা পড়ে। পরে পরিচয় প্রকাশ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মাছ, মাংস, ফল ও মুদি মিলিয়ে ৭টি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্যান্য ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
অভিযানকালে শিবচর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, ‘আমি ছদ্মবেশ ধারণ করে প্রথমে বাজার মনিটরিং করি, পরে অভিযান পরিচালনা করি। এদিন কয়েকটি দোকানে জরিমানা করা হয়। বাকি ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। ভোক্তার স্বার্থে পরবর্তীতে আরও কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।’