বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম (আশরাফুল হোসেন আলম)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে বগুড়া থেকে ঢাকায় ফেরার পথে শাজাহানপুর থানার সামনে তাঁর গাড়ি থামিয়ে তাঁকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৬ মে এক নারী বাদী হয়ে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১–এ মামলাটি দায়ের করেন। ওই দিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইয়ের পুলিশ সুপারকে নির্দেশ দেন।
তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চলতি মাসের ১০ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে। এর পরিপ্রেক্ষিতে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তাঁকে আটক করা হয়।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, হিরো আলম বগুড়ার বাড়িতে আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার দুপুরে ব্যক্তিগত গাড়িতে ঢাকার উদ্দেশ্যে রওনা হলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ তাঁর গাড়ির পিছু নেয়। পরে শাজাহানপুর থানা-পুলিশের সহযোগিতায় মহাসড়কে ব্যারিকেড দিয়ে গাড়ি থামিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।