ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর (আনুমানিক বয়স ৫০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পৌরসভার খড়মপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালনি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা অভিমুখে যাওয়ার সময় খড়মপুর এলাকায় অবস্থিত হযরত শাহ পীর কল্লা শহীদ মাজার–এর পশ্চিম পাশে রেলওয়ের একটি স্টিল ব্রিজের ওপর দিয়ে অতিক্রম করছিল। এ সময় হঠাৎ এক নারী ট্রেনের নিচে পড়ে গেলে গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রেনের ধাক্কায় মরদেহ ছিন্নভিন্ন হয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. শফিকুল ইসলাম জানান, নিহতের পরিচয় শনাক্তে কাজ চলছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।