নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে আজ (১৭ ফেব্রুয়ারি) নতুন অধ্যায়ের সূচনা হলো। তবে যাত্রার শুরুতেই বড় অর্থনৈতিক চাপের মুখে পড়ছে নতুন সরকার। সর্বশেষ হিসাব অনুযায়ী, সরকারের মোট ঋণের পরিমাণ ২৩ লাখ ২৫ হাজার কোটি টাকারও বেশি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪–২৫ অর্থবছর শেষে দেশি ও বিদেশি উৎস মিলিয়ে সরকারের মোট ঋণ দাঁড়িয়েছে ২২ লাখ ৫০ হাজার ৯০৪ কোটি টাকা। চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর—এই ছয় মাসে সরকার নতুন করে ঋণ নিয়েছে প্রায় ৭৪ হাজার ২৫১ কোটি টাকা। ফলে ডিসেম্বর পর্যন্ত মোট ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৩ লাখ ২৫ হাজার ১৫৫ কোটি টাকায়।
ব্যাংকিং খাতে ঋণের চাপ
বাংলাদেশ ব্যাংক-এর তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে সরকার কেবল ব্যাংকিং উৎস থেকেই নিয়েছে ৬১ হাজার ১৪৮ কোটি টাকা। ২০২৫ সালজুড়ে ব্যাংকিং খাত থেকে সরকারি ঋণের প্রবৃদ্ধি ছিল ৩২ শতাংশেরও বেশি—যা অর্থনীতির জন্য উদ্বেগজনক ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
অন্যদিকে, একই সময়ে বৈদেশিক উৎস থেকে এসেছে ১০৭ কোটি ৪০ লাখ ডলারের নিট ঋণ। প্রতি ডলার ১২২ টাকা হিসেবে যার পরিমাণ দাঁড়ায় প্রায় ১৩ হাজার ১০৩ কোটি টাকা।
বড় চ্যালেঞ্জ অর্থনীতিতে
অর্থনীতিবিদরা বলছেন, উচ্চ ঋণ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখা এবং ব্যাংকিং খাতের তারল্য সংকট—এসব ইস্যুই নতুন সরকারের সামনে তাৎক্ষণিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
ছাত্র-জনতার গণআন্দোলনের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের পথচলার অবসান ঘটিয়ে নতুন সরকারের যাত্রা শুরু হচ্ছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে। দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানোই হবে সরকারের প্রধান অগ্রাধিকার—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।