স্টাফ রিপোর্টার:: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম কুট্টাপাড়া গ্রামের মরহুম হাজী আজ্দু মিয়ার পুত্র সাংবাদিক শফিকুর রহমান ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি শারীরিকভাবে অসুস্থতাবোধ করলে পরিবারের লোকজন তাকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে গেলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী ও চার সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম শফিকুর রহমান সরাইল উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক যায়যায়দিন ও মোহনা টিভির সরাইল প্রতিনিধি ছিলেন। এছাড়া তিনি সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের একাধিকবার নির্বাচিত সাবেক সদস্য ছিলেন।
সরাইল সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবিরের ছোট ভাই মরহুম সাংবাদিক শফিকুর রহমানের মৃত্যুতে সরাইলে সাংবাদিক মহলসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।