সাকির আল মাহমুদ, খুলনা
রবিবার ( ১২ জানুয়ারি) দুপুরে খুলনা-মংলা রূটের দীগরাজ নামক স্থানে ট্রেনে চাপা পড়ে ৭ বছরের এক শিশু নিহত হয়েছে।
মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের দিগরাজ বুড়বুড়িয়া গ্রামের রোকন শেখের মেয়ে মরিয়াম আক্তার (৭) মায়ের সাথে স্কুল থেকে বাড়ি ফিরছিলো। পথে দীগরাজ রেল ক্রসিং এ মায়ের সামনেই এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শী হেলাল শেখ জানান, মরিয়ম স্কুল থেকে রেল লাইনের পাশ দিয়ে তার মায়ের সঙ্গে আসছিলো। এমন সময় খুলনা থেকে ছেড়ে আসা মোংলা ট্রেন চলে আসে। রেলক্রসিং করার সময় ট্রেনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় মরিয়াম।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, ঘটনা শোনার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।