মাসউদুর রহমান ফকির,
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে পুকুরের পানিতে ডুবে আহমাদ আল মাহির নামের ২১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে।মৃত শিশু আহমাদ আল মাহির একই গ্রামের মো. কামরুজ্জামান ও দুলনা আক্তার দম্পতির একমাত্র সন্তান।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সোমবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির উঠানেই খেলছিল শিশু মাহির।এ সময় ঘরে কাজ করছিলেন তার মা। কিছুক্ষণ পর বাড়ির উঠানে মাহিরকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বসতবাড়ি থেকে কিছুটা দূরে পুকুরের পানিতে মাহিরের ভাসমান দেহ দেখতে পান স্বজনরা। সেখান থেকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে মাহিরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।দুর্গাপুর থানার এসআই জহিরুল ইসলাম বলেন, ‘শিশুটির মৃত্যুর বিষয়ে পরিবারের কোনো সন্দেহ নেই। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর রুজু হয়েছে।’