আয়েশা আক্তার
কুমিল্লা নগরীর শাসনহাছায় রেললাইন পারা পারের সময় ট্রেনে কাটা পড়ে আপন রবি দাস নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১২ অক্টোবর) সকালে কুমিল্লা শহরতলীর শাসনগাছা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামাল জানান কাটাপড়া ব্যক্তি চাপাইনবয়াবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের সাধু রবি দাসের ছেলে আপন রবি দাস (৪০)।প্রত্যক্ষদর্শীরা জানায় রবিসহ তার সাথের অনেকেই চাপাইনবয়াবগঞ্জ থেকে কুমিল্লায় কাজের সন্ধ্যানে এসেছেন। প্রতিদিন কুমিল্লার শাসনগাছা এলাকায় তারা কাজের যাওয়ার জন্য অপেক্ষা করেন। আজও তাই করছিলেন। ৯ টা ৪৫ এ চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণা এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা স্টেশন অতিক্রম করে যাচ্ছিল। এসময় রবি দাসসহ সবাই রেললাইনেই দাঁড়িয়ে ছিল। ট্রেনের হর্ণ দিতে থাকলে সবাই লাইন থেকে সরে যায়। কিন্তু রবি লাইনেই দাঁড়িয়ে ছিল। ট্রেনটি বার বার হর্ণ দিতে থাকলে সবাই রবি দাসকে ডাকতে থাকে। কিন্তু রবি তাতেও কর্ণপাত করেননি। পরে দ্রুতগামী ট্রেনটি রবি দাসকে পিষে দিয়ে চলে যায়। রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামাল বলেন, সকালে ঢাকাগামী সুবর্ণা এক্সপ্রেস ট্রেনের ধাক্কা একজন মারা গেছেন। মারা যাওয়া রবি সহজসরল মানুষ ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন নিহত রবি বুঝতেই পারেননি ট্রেন আসছিল। তার মৃতদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ আত্মীয়-স্বজনদের নিকট হস্তান্তর করা হবে। এবিষয়ে একটি অপমৃত্যু ডায়েরি লেখা হয়েছে।