দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ গণসংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ এমপি। দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানার সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার মো. নাছির উদ্দিনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে এমপি মো. আবুল কালাম আজাদ বলেন, গত নির্বাচনে একটি দুঃশাসন ও অপশক্তির পরাজয় হয়েছে। গত ১৫ বছর দেবিদ্বারের মানুষ তাদের কাছে জিম্মি ছিল। গ্রামে গ্রামে তাঁরা ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের ওপর তাণ্ডবলীলা চালিয়েছিল। আজ দুঃশাসনের অবসান হয়েছে। মানুষ শান্তিতে বসবাস করছে। দেবিদ্বারের মানুষ শান্তিতে থাকলে আমি শান্তিতে থাকতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আশ্বাস দিয়েছেন দেবিদ্বারের উন্নয়নে তিনি সার্বিক সহযোগীতা করবেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান মো. আবদুল্লাহ আল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর লিপি, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম, দেবিদ্বার থানার (ওসি) মো. নয়ন মিয়া, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক একেএম সফিকুল আলম কামাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। সংবর্ধনার শুরুতে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার ও বিভিন্ন দপ্তরের অফিসাররা নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদেরকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, দেবিদ্বার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানান।