জামালপুর প্রতিনিধি
জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী বলেছেন, আসন্ন জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এডভোকেট হাফিজুর রহমান স্বপনের বিজয় সুনিশ্চিত জেনে প্রতিপক্ষরা এখন আবল-তাবল বকছে। তারা প্রার্থীর বিরুদ্ধে কোন অভিযোগ খুঁজে না পেয়ে এখন আমার বিরুদ্ধে উল্টাপাল্ট কথা বলছে। বৃহস্পতিবার রাতে তিতপল্লা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নাগরিক কমিটির আয়োজনে উপজেলা পরিষদ নির্বাচনে কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এডভোকেট হাফিজুর রহমান স্বপনের বিজয় সুনিশ্চিত করার লক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফারুক আহাম্মেদ চৌধুরী আরও বলেন, কাপ-পিরিচ প্রতীকের গণজোয়ার দেখে প্রতিপক্ষ দিশেহারা হয়ে গেছে। তাই তারা কাপ-পিরিচ প্রতীকের প্রার্থীর নির্বাচনী প্রচার কেন্দ্রে হামলা চালিয়ে ভাংচুর করে ভয়ভীতি সৃষ্টি করছে। আপনারা কোন ভয়ভীতি না করে আগামী ৮ তারিখে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট হাফিজুর রহমান স্বপনকে কাপ-পিরিচ প্রতীকে ভোট দিয়ে তার বিজয় সুনিশ্চিত করার আহবান জানান। নাগরিক কমিটির আহবায়ক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের সভাপতিত্বে ও যুগ্মআহবায়ক দৌলতুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কাপ পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এডভোকেট হাফিজুর রহমান স্বপন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এমএ মান্নান খান, মেষ্টা ইউপি চেয়ারম্যান নাজমুল হক বাবু প্রমুখ। নির্বাচনী মতবিনিময় সভাটি জনসভায় পরিণত হয়। মতবিনিময় সভায় পুরুষ ও নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।