মো: রমিজ আলী, সীতাকুণ্ড
সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম) সারাদেশের মতো চট্টগ্রামের সীতাকুণ্ডতে ও প্রচণ্ড তীব্র দাবদাহে জনজীবনে নাভিশ্বাস নেমে এসেছে চরম ভোগান্তিতে। গত কয়েকদিনের তীব্র গরমে বিপাকে পড়েছেন সাধারণ খেটে খাওয়া শ্রমজীবি মানুষ। এ ছাড়াও অতিমাত্রায় গরমের কারনে বিভিন্ন শারীরিক অসুবিধার সম্মুখীন হচ্ছে মানুষ। তীব্র দাবদাহে আল্লাহ তায়ালার কাছে রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার বা বৃষ্টির জন্য নামাজ পড়েন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সা.) প্রচন্ড খরা এবং অনাবৃষ্টির সময় রহমতের বৃষ্টি চেয়ে মহান আল্লাহ তাআ’লার দরবারে সালাতুল ইসতিসকার বা বৃষ্টির নামাজ আদায় করতেন। নবীজি সা. এর এই সুন্নাহ্কে অনুসরণ করে গতকাল (২৬ এপ্রিল) জুমার নামাজের পর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়ন আকিলপুর এলাকায় হাজারো মুসল্লীদের অংশগ্রহণে বৃষ্টির জন্য দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করা হয়। নামাজ শেষে দুই হাত তুলে ক্ষমা চেয়ে বৃষ্টির জন্য কান্নাকাটি করেছেন মুসল্লিরা। এসময় তীব্র গরমের জন্য আল্লাহর কাছে নিজেদের পাপের জন্য তওবা করা হয় এবং রহমতের বৃষ্টির জন্য দোয়া করা হয়। তীব্র গরমের কারনে সারাদেশে মৃত্যুবরণকারীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।