মোহাম্মদ নাছিম, উখিয়া
কক্সবাজারের টেকনাফ শিলখালী পাহাড়ি এলাকা হতে অপহরণ হওয়া পল্লী চিকিৎসকসহ ২ জনকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২এপ্রিল) রাত ১১টার দিকে তাদেরকে উদ্ধার করা হয়। উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি। তিনি জানান, পাহাড়ে পুলিশের অভিযানের মুখে পল্লী চিকিৎসকসহ অপহৃত দুই জনকে রেখে পালিয়ে যান অপহরণকারীরা। পরে তাদের উদ্ধার করে পুলিশ। এর আগে রোববার (২১ এপ্রিল) রাত ৯টার দিকে় টেকনাফের বাহারছড়া শামলাপুর হোয়াইক্যং সড়ক দিয়ে বাড়ি ফেরার পথে পল্লী চিকিৎসকসহ ওই দুজনকে অপহরণ করেন দুর্বৃত্তরা। অপহৃত পল্লী চিকিৎসক জহির উদ্দিন (৫২) উখিয়ার থাইংখালী এলাকার মাওলানা জাকের হোসেনের ছেলে। তবে অপরজনের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। অপহরণের শিকার পল্লী চিকিৎসক জহির উদ্দিনের ছোট ভাই সাংবাদিক কমরুদ্দিন মুকুল জানান, তার ভাই শাপলাপুর এলাকায় প্রতিদিনের মতো চেম্বার শেষ করে বাড়ি ফিরছিলেন। তার সঙ্গে একজন যাত্রীও ছিলেন।পথিমধ্যে শামলাপুর-হোয়াইক্যং সড়কে আসলে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যাওয়া হয়। পরে অটোরিকশা চালক বিষয়টি পরিবারকে জানায়। এরপর থেকে ফোনে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করতে থাকেন অপহরণকারীরা। প্রসঙ্গত, গত এক মাস ধরে টেকনাফের পাহাড় কেন্দ্রিক অপহরণের ঘটনা বন্ধ ছিল। এর আগে গত ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের এ পর্যন্ত টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১২০ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৬২ জন স্থানীয় বাসিন্দা ও ৫৮জন রোহিঙ্গা নাগরিক।