মো: রমিজ আলী
সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিদেশি মদসহ একজনকে আটক করেছে সীতাকুণ্ড থানা পুলিশ। সোমবার ভোর রাতে সীতাকুণ্ড পৌরসভার শেখ পাড়া এলাকা থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৭২ বোতল মদ উদ্ধার করে সীতাকুণ্ড থানা পুলিশ। এই ঘটনায় মো: আব্দুল্লাহ (২৬) নামের এক তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় আরও জব্দ করে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ। তবে এ সময় পালিয়ে যাম পিকআপ চালক। আটক হওয়া মো: আব্দুল্লাহ ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের মধ্য মাটুয়া গ্রামের বাসিন্দা মো: রিয়াদের ছেলে।এ ঘটনায় পিকআপের চালক মো: জুয়েল ও গ্রেপ্তার হওয়া মো: আব্দুল্লাহকে আসামি করে সীতাকুণ্ড থানা মাদক-দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মো: মফিজুল ইসলাম। পুলিশ জানায়, উদ্ধার করা মাদকের দাম ৫ লাখ ১৬ হাজার টাকা। আর জব্দ করা গাড়ির দাম প্রায় ১২ লাখ টাকা।