ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার অন্যতম একটি ব্যস্ততম সড়ক ব্রাহ্মণপাড়া-হরিমঙ্গল রাস্তা। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার জনগন ও যানবাহন চলাচল করে। শশীদল ইউনিয়ন ও ব্রাহ্মণপাড়া সংযোগ স্থল এই রাস্তা। কিন্তু গত কয়েকদিনের বৃষ্টিতে নাইঘর নবীরের বাড়ির সামনের ডাঙির ব্রিজটি সামনে বড় গর্ত সৃষ্টি হয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে আছে। এতে যেকোন সময় ঘটতে পারে বড় কোন দূর্ঘটনা। সরেজমিন রবিবার সকালে গিয়ে দেখা যায়, ব্রিজের সামনে পানি চলাচল করে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এই গর্ত দিয়ে পানি নেমে নিচে খালে যাচ্ছে। এতে করে দিন দিন গর্তটি বড় আকার ধারণ করছে। এই রাস্তায় চলাচলকারী জনগন ও যানবাহন অনেকটা ঝুঁকিপূর্ণ ভাবে চলাচল করছে। বিশেষ করে রাতের বেলায় রাস্তা অন্ধকার থাকার কারনে যেকোন বড় যানবাহন পড়ে গিয়ে বড় কোন দূর্ঘটনা ঘটতে পারে। এবিষয়ে ব্রাহ্মণপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দা মোঃ নাছির উদ্দিন বলেন, আজকে প্রায় ১৫ দিন যাবৎ এই রাস্তায় গর্ত সৃষ্টি হয়েছে। শুধুমাত্র সর্তকতামূলক একটি লাল ফিতা এলাকাবাসী দিয়ে রেখেছে। কিন্তু নতুন যানবাহনগুলো এই গর্ত না দেখলে যেকোন বড় কোন দূর্ঘটনা ঘটতে পারে। অতি শীঘ্রই এই ব্রিজের সামনের রাস্তা ও গর্তটি মেরামত করা প্রয়োজন। একাধিক গ্রামবাসী জানান, অতি শীঘ্রই এই রাস্তা মেরামত না করলে যেকোন বড় দূর্ঘটনা ঘটবে। এতে অনেক ক্ষতি হবে। তাই তারা প্রশাসনের নিকট রাস্তা মেরামতের জোর দাবী জানান।