জামালপুর প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, অতীতে যারা সরকার ও দেশ পরিচালনা করেছে এবং বর্তমানে যারা করছে এদের ব্যর্থতার কারনেই আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের উত্থান হয়েছে। এদেশের মানুষকে বার বার আঘাত করা হয়েছে ধোকা খেয়েছে, এদেশের মানুষ আর ধোকা খেতে চায় না। এখন তাদের ঠিকানা চাই, শান্তি, নিরাপত্তা চাই। কোথায় গেলে শান্তির ঠিকানা পাওয়া যাবে সেদিকে মানুষ যেতে চায়। বুধবার বিকেলে শহরের ফৌজদারী মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে মহাসচিব এসব কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ করে জনদুর্ভোগ লাঘব, রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মহাসচিব আরও বলেন, এ দেশের মানুষ আজ অস্বস্থিতে আছে, জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসছে দেশের মানুষে মাঝে আতঙ্ক বিরাজ করছে। এই নির্বাচন কমিশনের উপর মানুষের আস্থা নেই। শক্ত একটা নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং জাতীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি ডা. সৈয়দ ইউনুস আহমাদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজির সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, ময়মনসিংহ দক্ষিণ জেলার সভাপতি মামুনুর রশিদ সিদ্দিকী, জামালপুর জেলা শাখার সহসভাপতি মুফতি মোস্তফা কামাল, জয়েন্ট সেক্রেটারি মুফতি সালেহ আহমেদ প্রমুখ।সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা, সদর ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।